বর্তমান সরকারের বিগত সময়ে বিদ্যুতায়নের কার্যক্রম ছিল প্রশংসনীয়। বিদ্যুত্ পৌঁছানোর সঙ্গে সঙ্গে এখন দরকার ঘরে ঘরে ইন্টারনেটসেবা বৃদ্ধি। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষও ইন্টারনেটের মাধ্যমে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমু ব্যবহার করে প্রবাসী স্বজনদের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা বলে থাকে। দেশের যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি, চাকরির আবেদন, ভিসা চেক, ভিসা আবেদন ইন্টারনেটভিত্তিক হওয়ায় তার কদর বেড়েছে দ্বিগুণ হারে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের গ্রামাঞ্চলে এখনো থ্রি-জি, ফোর-জি কেবলই বিজ্ঞাপন। বাস্তবে খুব প্রত্যন্ত এলাকাই আছে, যেখানে ইন্টারনেটসেবার মান উন্নত ও নিরবিচ্ছিন্ন। এরপরও যেসব মুঠোফোন অপারেটরের ইন্টারনেট সুবিধা ভালো, তাদের ইন্টারনেটের দাম আকাশছোঁয়া। তাই সরকার-সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিদ্যুত্ ছাড়া উন্নতি যেমন সম্ভব নয়, তেমনি সারা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেটের সুলভ ও সহজপ্রাপ্যতার কোনো বিকল্প নেই। এ দেশের তরুণ সমাজের সদস্য হিসেবে বিশ্বাস করি, সরকার খুব দ্রুত এই ব্যাপারে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
জমাতুল ইসলাম পরাগ
ধনকীপাড়া, কটিয়াদী, কিশোরগঞ্জ
