নবম-দশম শ্রেণির:বাংলা প্রথমপত্র

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৯:৪০

আতাউর রহমান সায়েম

সিনিয়র শিক্ষক, বাংলা

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

 

সৃজনশীল প্রশ্নের নমুনা উদ্দীপক ও নমুনা উত্তর

 

১। ফারহান ও ফারিয়া ধনাঢ্য পরিবারের ছেলে-মেয়ে। নিজেদের জগত্ নিয়ে তারা ব্যস্ত। বেশিরভাগ সময় মোবাইলে ফেসবুকে সময় অতিবাহিত করে। একে অপরের সঙ্গে নিয়মিত দেখাও হয় না তাদের। কথাও হয় না। অন্যদিকে বাড়ির দারোয়ানের ছেলে-মেয়ে রানা ও রানু একে অপরের সবচেয়ে বড় বন্ধু। তারা একসঙ্গে স্কুলে যায়। খেলাধুলা ও দুষ্টুমিও করে থাকে। ওদের মা জরিনা রাগ করে তাদের আলাদা করে দিলেও কিছুক্ষণ পর ঝগড়া ভুলে তারা এক সঙ্গে মিলে যায় এবং খাওয়ার সময় একসঙ্গেই খায়।

(ক) হরিহর রায়ের জ্ঞাতি-ভ্রাতার নাম কী?

(খ) দুর্গা অপুকে সাবধানে তেল নিতে বলেছিল কেন?

(গ) উদ্দীপকের রানা-রানু ও ‘আম আঁটির ভেঁপু’ গল্পের অপু দুর্গার মধ্যে সাদৃশ্য কোথায় ? ব্যাখ্যা করো।

(ঘ) উদ্দীপকের জরিনা ও ‘আম আঁটির ভেঁপু’ গল্পের সর্বজয়া মূলত একই আদর্শের ধারক-মন্তব্যটি যথার্থ কিনা আলোচনা করো।

১ (ক) নম্বর প্রশ্নের উত্তর:

হরিহর রায়ের জ্ঞাতি-ভ্রাতার নাম নীলমণি রায়।

১ (খ) নম্বর প্রশ্নের উত্তর:

দুর্গা অপুকে সাবধানে তেল নিতে বলেছিল কারণ তেল পড়ে গেলে তাদের মা টের পেয়ে যাবে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘আম আঁটির ভেঁপু’ গল্পে বলা হয়েছে যে, দুর্গা মায়ের আড়ালে অপুকে তেল নিয়ে আসতে বলে । সাবধানে তেল নিয়ে আসতে বলেছিল কারণ তেল যদি পড়ে যায়, তাহলে তাদের মা বুঝে ফেলবে তাদের আড়ালে দুর্গা ও অপু তেল নিয়েছিল। তাই মা এর কাছে ধরা না পড়ার জন্য দুর্গা অপুকে সাবধানে তেল নিতে বলেছিল।

১ (গ) নম্বর প্রশ্নের উত্তর:

উদ্দীপকের রানা-রানু ও ‘আম আঁটির ভেঁপু’ গল্পের অপু দুর্গার মধ্যে কিশোর বয়সের দুরন্তপনা ও ভালো বন্ধুত্বের সাদৃশ্য রয়েছে।

‘আম আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়া অপু ও দুর্গার মা। অপু ও দুর্গা ভাই বোন। তারা উভয়ই একে অপরের বন্ধু। তারা একসাথে খেলাধুলা করে। একে অপরের প্রতি ঝগড়া-বিবাদ থাকলেও তা শুধু মুহূর্তের জন্য; পরক্ষণে তা সব ঠিক হয়ে যায়। দুর্গা যদি কিছু নিয়ে আসে তবে সে অপুকে ভাগ দেয়। আবার অপুও তার বোনের জন্য চুপি চুপি মায়ের আড়াল থেকে এটা ওটা এনে দেয়।

উদ্দীপক বিশ্লেষণ করলে আমরা প্রায় একই চিত্র খুঁজে পাই। উদ্দীপকে বর্ণিত রানা রানু দুই ভাই বোন। তারাও একে ওপরের অনেক ভালো বন্ধু। একে অপরের সাথে মেলামেশা ও খেলাধুলা করে। তাদের মাঝে মধ্যে ঝগড়া হলেও তারা একসাথে মিলে যায়। তাই বলা যায়, রানা রানু ও অপুর দুর্গার মধ্যে কিশোর বয়সের দুরন্তপনা ও ভালো বন্ধুত্বের দিকটির সাদৃশ্য বিদ্যমান রয়েছে।

 

পরের অংশ আগামীকাল