চটুল গল্প

আরবি উট

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২০:৫৮

এক আরব সওদাগর চলছেন বিস্তর মরুভূমির মধ্য দিয়ে। সঙ্গে তাঁর প্রিয় উটটি। পথ চলতে চলতে রাত নেমে এলো। সওদাগর একটি জায়গায় তাঁবু ফেললেন। রাতের প্রচণ্ড ঠান্ডায় তিনি তাঁবুর মধ্যে ঢুকে ঘুমাতে চেষ্টা করলেন। তাঁবুর বাইরে থাকা উটটি কিছুক্ষণ পর বলল, হুজুর!

বল।

অনেক শীত, টেকা যাচ্ছে না। আমি একটু মাথাটা তাঁবুর ভেতরে ঢোকাই?

দয়ালু সওদাগর বলল, ঢোকা।

বেশ খানিক সময় পর উটটি আবার বলল, হুজুর, পায়ে বড় ঠান্ডা লাগছে। এই পা দিয়েই তো আপনাকে টেনে নিয়ে চলি। পা দুটো একটু তাঁবুর ভেতরে ঢোকাই?

আরব সওদাগর ভাবলেন, কথা তো সত্য। ওর পা দুটো কত সেবা দিচ্ছে।  সে বলল, আচ্ছা ঢোকা।

উট খুশির সঙ্গে পা ঢোকাল এবং খানিক সময় পার হয়ে গেল। এবার উট বলল, হুজুর, আমার পিঠে আপনি চড়েন, আপনার ব্যবসায়ি পণ্য বহন করি। উটের পিঠ নাই তো কিচ্ছু নাই, কথা ঠিক কি না?

সওদাগর বলল, অবশ্যই ঠিক।

এবার আরবি উট বলল, সেই পিঠে হুজুর বড়ই জ্বালাতন!

কীসের জ্বালাতন?

পিঠটা ঠান্ডায় জমে যাচ্ছে হুজুর। একটু কষ্ট করে হুজুর যদি পিঠটা ঢোকানোর অনুমতি দিতেন!

সওদাগর ভাবলেন, রাতটা না হয় দুজনে কষ্ট করে তাঁবুর নিচে কাটিয়ে দেই।  বললেন, ঢোকা!

অরবি উট শরীরটাকে ভেতরে প্রবেশ করাল। এখন তার পুরো শরীরই তাঁবুর মধ্যে। কিন্তু উটের ঘুম আসছে না। সওদাগর বলল, কী রে, ঘুম আসে না?

উটটি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, হুজুর, একটা অনুরোধ করতে পারি?

সওদাগর বলল, বল।

তাঁবুর মধ্যে এইটুকু জায়গায় দুজনের স্থান হয় না! আপনি যদি একটু বাইরে গিয়ে শুতেন তাহলে ভালো হয়!

মূল কথা :আমাদের মনুষ্যসমাজে এখন

আরবি উটের কোনো অভাব নাই