বরিশাল নগরী থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রাম। এখানেই দুর্গাসাগর দিঘি। জানা যায়, ১৭৮০ সালে চন্দ্রদ্বীপ রাজ্যের রাজা শিবনারায়ণ তাঁর স্ত্রীর নামে খনন করেন এক বিশাল জলাধার। নাম দেওয়া হয় ‘দুর্গাসাগর’। এলাকার পানির সংকট ঘোচাতেই খনন করা হয় এটি। রাজার স্ত্রী রানি দুর্গাবতী একবারে যতদূর পর্যন্ত হেঁটে গিয়েছিলেন ততদূর পর্যন্ত খনন করা হয় এই দিঘি। ৬১ কানি জমি পর্যন্ত হেঁটেছিলেন তিনি।
দুর্গাসাগর দিঘির তিন দিকে তিনটি ঘাটলা রয়েছে এবং মাঝখানে আছে ছোট্ট দ্বীপ। প্রায় ৪৫ একর ৪২ শতাংশ জমি নিয়ে দিঘির অবস্থান। ২৭ একর ৩৮ শতাংশ জলাশয় এবং ১৮ একর ৪ শতাংশ জমি নিয়ে পাড়। চারপাশে হাঁটার জন্য রয়েছে রাস্ত্তা। সম্পূর্ণ দিঘি উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। দুই দিক থেকে ঢোকার জন্য দুটি ফটক থাকলেও একটি বন্ধ করে দেওয়া হয়েছে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মালম্বীরা এখানে স্নানের উদ্দেশ্যে সমবেত হন। তখন এখানে মেলাও বসে।
