শিক্ষক ও শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ডেটা প্যাক দিবে রবি

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:০৩

অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডেটা প্যাক দিবে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি।

এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে জুম প্লাটফর্মে রবিবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতার আওতায়, ব্যবহারকারী এক মাসের জন্য ২২০ টাকায় ৩০ জিবি ডেটা পাবেন। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা জুম, টিমস, গুগল মিট, গুগল ক্লাসরুম, জিমেইল ব্যবহার করতে পারবে। তবে এই ডেটা প্যাক দিয়ে নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক ও টুইটার ব্যবহার করা যাবে না। 

আরো পড়ুন : বিদেশ ফেরত যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্ব অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।  

সভায় প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, অনলাইনে শিক্ষা কার্যক্রমের প্রধান দুটি সমস্যা ডিভাইস ও ডেটা। ইউজিসির পদক্ষেপ ও দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোর আকর্ষণীয় ডেটা অফারের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান হয়ে যাবে। জাতীয় স্বার্থে এগিয়ে আসার জন্য তিনি রবিকে ধন্যবাদ জানান। 


ইত্তেফাক/ইউবি