সরকারের উন্নয়ন প্রকল্পসমূহের সুষ্ঠু বাস্তবায়ন হলে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, দারিদ্র্য নিরসন হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়বে। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি ক্রয়ের ভূমিকা ব্যাপক। প্রতি বছর এই খাতে ব্যয়ও বাড়ছে। সুতরাং এখানে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। ক্রয়ের আইন ও বিধির সঠিক প্রতিপালন এবং তা দক্ষতার সঙ্গে সময়মতো করতে পারলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এর জন্য ক্রয়কারী ও দরদাতার মধ্যে একটি পারস্পরিক আস্থা ও বিধির আলোকে সুসম্পর্ক প্রতিষ্ঠা জরুরি। ক্রয়চুক্তির সুষ্ঠু ও মানসম্মত বাস্তবায়নে এই দুই পক্ষের সমান দায়িত্ব রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এ কথা বলেন। রবিবার মুন্সীগঞ্জ জেলায় গভর্নমেন্ট-টেন্ডারার্স ফোরামের (জিটিএফ) কর্মশালায় তিনি প্রধান অতিথি ছিলেন। সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। জিটিএফ কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। —প্রেস বিজ্ঞপ্তি
