অর্থ বিতরণে হাজারে সাত টাকা ক্যাশ আউট চার্জ নির্ধারণ

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:২২

সামাজিক নিরাপত্তা কর্মসূচি

ইত্তেফাক রিপোর্ট

সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণের জন্য একটি অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণ করেছে সরকার। অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ সম্প্রতি এক পরিপত্র জারি করে এ তথ্য জানিয়েছে। এতে শতকরা শূন্য দশমিক ৭ শতাংশ অর্থাত্ হাজারে সাত টাকা ক্যাশ আউট চার্জ নির্ধারণ করা হয়েছে।

অর্থ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি বছর উল্লেখযোগ্যসংখ্যক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। এসব সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রকার ভাতা, সম্মানী, বৃত্তি, উপবৃত্তি ইত্যাদি কার্যক্রমের ক্ষেত্রে নগদ অর্থ সুবিধাভোগীদের কাছে বিতরণ করা হয়। এছাড়া, সরকারের অন্যান্য কার্যক্রমেরও নগদ অর্থ সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর প্রয়োজন হয়। এসব নগদ অর্থ সময়মতো নিরবচ্ছিন্নভাবে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার ইতিমধ্যে নগদ অর্থ সরকারি কোষাগার থেকে জি২পি (গভর্মেন্ট টু পারসন) পদ্ধতি অনুসরণপূর্বক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে বিতরণের বিষয়টি অগ্রাধিকার প্রদান করছে। এ প্রেক্ষাপটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারে অন্যান্য কার্যক্রম নগদ অর্থ মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণের জন্য একটি অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ বিতরণে ক্যাশ আউট চার্জ সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। মন্ত্রণালয় ও বিভাগগুলো এই অভিন্ন ক্যাশ আউট চার্জ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অপারেটর নির্ধারণ, অপারেটরের কার্যপরিধি সুনির্দিষ্টকরণ এবং যথাযথভাবে মনিটরিং করবে বলে পরিপত্রে বলা হয়েছে।