উপভোগের মন্ত্রে দীক্ষিত চট্টগ্রাম

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:২৪

বঙ্গবন্ধু টি-২০ কাপে বেশ লড়াকু দল গড়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। আপাতভাবে টপ ফেভারিট মনে হবে না, আবার হিসেবের বাইরেও রাখা যাবে না দলটিকে। ভাগ্যক্রমে প্লেয়ার্স ড্রাফটে খেলোয়াড় ডাকার সিরিয়ালে একটু পিছিয়ে থাকায় পছন্দের সব ক্রিকেটার পায়নি তারা। তারপরও প্রাপ্যতা অনুযায়ী বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে চট্টগ্রাম। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চাওয়া এখন, টুর্নামেন্ট যেন দলের সবাই উপভোগ করে। মানসিক স্বস্তি নিয়ে খেলে। 

দলে স্বীকৃতি পেসার তিনজন। তার মধ্যে দুই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামই মূল। তৃতীয় পেসার অনেকটাই নতুন মুখ মেহেদী হাসান। তাই চাপ থাকবে মুস্তাফিজ-শরীফুলের উপর। টুর্নামেন্ট চলাকালে দুর্ভাগ্যক্রমে তাদের কারো ইনজুরি ভোগাবে চট্টগ্রামকে। কোচ সালাউদ্দিনও সেটি মানছেন।

তিনি বলেছেন, ‘যেহেতু স্কোয়াডে পেসার মাত্র তিনজন। সেদিক থেকে মুস্তাফিজ, শরীফুলের উপর চাপ থাকবে কিছুটা। আমার অপশন আছে কিছু, আমার কিছু ব্যাটসম্যান আছে যারা বোলিং করতে পারে। ওরা হয়তো অত জোরে করবে না, তবে ওরা খারাপ করবে না। সৌম্য, সৈকত আলী, জিয়া আছে।’ 

পেসারদের পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় বল হাতে স্লো মিডিয়াম পেস নিয়ে হাজির হতে পারবেন সৌম্য, জিয়াউর রহমান ও সৈকত আলী। তাই বোলিংয়ে থাকছে বৈচিত্র্য। যা আশা যোগাচ্ছে কোচকে।

কুমিল্লার লালমাইয়ের ছেলে মেহেদী হাসান গত বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপে খেলেছিলেন। পরে ইনজুরিতে বাদ পড়েছেন দল থেকে। বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্যালেন্ট হান্ট একাডেমিকে থেকে উঠে আসা এই ডানহাতি পেসার এবার বড় মঞ্চে সুযোগ পেয়েছেন। উচ্চাশা না থাকলেও মেহেদীকে প্রয়োজনে ব্যবহারের চিন্তা রয়েছে সালাউদ্দিনের।

স্পিন বিভাগে তাইজুলের উপরই ভরসা চট্টগ্রামের। যদিও বারবার বোলিং অ্যাকশন পরিবর্তন করে সুবিধাজনক অবস্থায় নেই তাইজুল। সালাউদ্দিন বলছেন, তাইজুলের কাছ থেকে সেরাটা বের করে আনা কোচ হিসেবে তার দায়িত্ব। সঙ্গে  সঞ্জিত সাহা, রাকিবুল, মোসাদ্দেকরা রয়েছেন।
টুর্নামেন্টে হার-জিতের টার্গেটের আগে ক্রিকেটারদের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করার দিকেই গুরুত্ব দিচ্ছেন সালাউদ্দিন।

চট্টগ্রামের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমরা খুব কম সময় পাই টুর্নামেন্টের আগে। এখানে টেকনিক্যাল কাজ করা যায় না। আমি মনে করি, আমার কাজ হলো একটা ছেলেকে মানসিকভাবে স্বস্তিতে রাখা। খেলা যেন উপভোগ করে। টুর্নামেন্টের হার-জিত নিয়ে বলতে পারবো না।’

গাজী গ্রুপ চট্টগ্রাম: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।

ইত্তেফাক/এসআই