শিবগঞ্জে ১৩০ কিলোমিটার পাকা রাস্তা বেহাল!

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৩৩

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার এলজিইডির বিভিন্ন সড়কের মোট ১৩০ কিলোমিটার সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এসব সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

সরজমিন ঘুরে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, মনাকষা থেকে সাহাপাড়া বাজার পর্যন্ত সাতি কিলোমিটার রাস্তা, সাহাপাড়া নুরেশের বাড়ি থেকে মাসুদপুর বিওপি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার, মনাকষা ঈদগাহ মোড় থেকে শিবগঞ্জ মনাকষা মোড় পর্যন্ত ৯ কিলোমিটার, শিবগঞ্জ ইসরাইল মোড় থেকে ধাইনগর ইউপি পর্যন্ত ১০ কিলোমিটার, মনাকষা বাজার থেকে বিনোদপুর খাসেরহাট পর্যন্ত পাঁচ কিলোমিটার, খাসেরহাট থেকে কানসাট পর্যন্ত ১০ কিলোমিটার, খাসেরহাট চামাপাড়া থেকে তেলকুপি বিওপি পর্যন্ত  ছয় কিলোমিটার, তেলকুপি বিওপি থেকে কিরণগঞ্জ বিওপি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার, কিরণগঞ্জ বিওপি থেকে জমিনপুর পর্যন্ত তিন কিলোমিটার, কানসাট থেকে পুস্করিনী পর্যন্ত ১৩ কিলোমিটার, মনাকষা ইউপির পুঁঠির ঘাট ব্রিজ এলাকার প্রায় এক কিরোমিটার, দাইপুখুরিয়া ইউনিয়নের মফিজ মোড় পর্যন্ত তিন কিলোমিটার, শিয়ালমারা থেকে মির্জাপুর পর্যন্ত আট কিলোমিটার, মুসলিমপুর থেকে শান্তির মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার, চাতরা নতুন বাজার থেকে চককীর্তি বাজার পর্যন্ত তিন কিলোমিটার, ধাইনগর চৈতন্যপুর বিজয় মোড় থেকে নামোটোলা পর্যন্ত তিন কিলোমিটার, মহেষপুর থেক জাবড়ি পর্যন্ত দুই কিলোমিটার, চৈতন্যপুর থেকে কল্যাণপুর পর্যন্ত দুই কিলোমিটার, পোলাডাঙ্গা থেকে গোষাইবাড়ী পর্যন্ত তিন কিলোমিটার, বীরহুম আইয়ুব বাজার থেকে ধাইনগর পর্যন্ত চার কিলোমিটার, নয়ালাভাঙ্গা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক থেকে রশিকনগর-বাবুপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটারসহ বিভিন্ন ইউনয়নের আরো প্রায় ১৭-১৮ কিলোমিটার রাস্তা বেহলা। দীর্ঘদিন ধরে রাস্তাগুলো সংস্কার না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হযেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

এ ব্যাপারে এলজিইডির শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী  হারুন অর রশিদ বলেন, শিবগঞ্জে কাঁচা-পাকা মিলে মোট ১ হাজার ২৯৩ কিলোমিটার রাস্তা রয়েছে। তার মধ্যে ৪০০ কিলোমিটার পাকা। পাকা রাস্তার মধ্যে ১৩০ কিলোমিটার ভাঙা রাস্তা রয়েছে। এই ১৩০ কিলোমিটার ভাঙা রাস্তার মধ্যে ৩০ কিলোমিটারের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অতিগুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে মনাকষা ঈদগাহ মোড় থেকে সাহাপাড়া পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা মেরামতের জন্য রাস্তার পাশে প্রটেকশন দেওয়ার জন্য সিমেন্টের খুঁটি তৈরির কাজ চলছে। মনাকষা ঈদগাহ মোড় থেকে শিবগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা মেরামতের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, এই ১৩০ কিলোমিটার সড়কের বিষয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষ থেকে উপজেলা মাসিক উন্নয়ন সভায় সংস্কারের দাবি জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী বলেন, সড়ক সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পর্যায়ক্রমে এসব সড়ক সংস্কারের চেষ্টা চলছে। স্থানীয় সংসদ সদস্য ডা. সামিলউদ্দিন আহমেদ শিমুল বলেন, ইতিমধ্যে কিছু কিছু রাস্তা সংস্কার শুরু হয়েছে। কয়েকটির টেন্ডার হয়েছে। দ্রুত এগুলোর কাজ শুরু হবে।