বাকেরগঞ্জ ভূমি অফিস
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কানুনগোসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অন্যদিকে সেবার মান নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে স্বল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সেবাগ্রহীতাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বিধিমোতাবেক উপজেলা ভূমি অফিসে মঞ্জুরিকৃত পদের বিপরীতে সহকারী কমিশনার ভূমিসহ কর্মরত আছেন সাত জন। কানুনগোর একটি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। তাছাড়াও সার্ভেয়ারের দুইটি, ক্রেডিট চেকিং অ্যান্ড সায়রাত সহকারীর একটি, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিকের একটি, জারিকারকের একটি এবং চেইনম্যানের একটি পদ শূন্য রয়েছে। অন্যদিকে ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মঞ্জুরিকৃত ১৪টি পদের বিপরীতে আছে সাত জন। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার মঞ্জুরিকৃত ১৪টি পদের বিপরীতে আছে ১২ জন, অফিস সহায়ক পদে ২৮ জনের বিপরীতে কর্মরত আছেন ২৫ জন।
নিয়ামতি ইউনিয়নের নাসিরউদ্দীন তালুকদার জানান, আমি অনেকদিন আগে আমার কিছু জমির নামজারি করতে অনলাইনে আবেদন করি কিন্তু কানুনগো ও সার্ভেয়ার না থাকায় আমার জমির নামজারি আটকে আছে। দুধল ইউনিয়নের মোতালেব সিকদার বলেন, কয়েক মাস পূর্বে মিসকেসের একটা আবেদন করেছি। জনবল সমস্যার কারণে কোনো রায় পাচ্ছি না। দ্রুত জনবল সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম উজ্জ্বল বলেন, সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে সরকারি সব নির্দেশনা মেনে অফিস পরিচালনা করলেও জনবল সংকট থাকার কারণে সার্বিক সেবা প্রদান বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায় জানান, জনবল সংকট থাকায় সৃষ্ট সমস্যা জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। জেলা প্রশাসক অজিয়র রহমান জানান, বাকেরগঞ্জ ভূমি অফিসের জনবল সংকটের বিষয়টি আমাকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
