জনসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৩৬

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন

মো. আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

দিনক্ষণ ঘোষণা না হলেও শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ শুরু হয়েছে। একই সঙ্গে প্রচার-প্রচারণাও চালাচ্ছেন তারা। আওয়ামী লীগের মনোনয়ন পেতে সাত জন ও বিএনপির মনোনয়নের প্রত্যাশায় রয়েছেন দুই জন প্রার্থী।

দেখা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডের পাড়া-মহল্লায়, চায়ের দোকানে, ভোটারদের কাছ থেকে দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রার্থীরা। তপশিল ঘোষণার আগেই নানা কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। পৌর শহরের বিভিন্ন স্থান পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে। বিশেষ করে দুর্গাপূজায় সনাতনধর্েমর লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তত্পর ছিলেন প্রার্থীরা। শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের সম্ভাব্য সাত জন প্রার্থী হলেন—বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ছালেক মিয়া, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান মাসুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু, পৌর আওয়ামী লীগের সহসভাপতি রাহেল মিয়া সরদার, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল।

বিএনপির মনোনয়ন পেতে মাঠে রয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি ও যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হাজী আব্দুল মজিদ। এরই মধ্যে হবিগঞ্জ জেলা বিএনপি ফরিদ আহমেদ অলিকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তবে দলের চূড়ান্ত মনোনয়ন দেখার অপেক্ষায় বিএনপির প্রার্থীরা। তবে অন্যান্য রাজনৈতিক দলের কোনো প্রার্থীকে মাঠে দেখা না গেলেও বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল মেয়র পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষ দিকে হতে পারে শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন।