ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক এম জি আযম মাদক মামলায় মো. সিদ্দিক মৃধা নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দুপুরে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। দণ্ডপ্রাপ্ত আসামি শৈলকুপার যুগিপাড়া গ্রামের মৃত শামসুদ্দিন দোকানদারের ছেলে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১১ সালের ২৩ আগস্ট ঈদুল ফিতর উপলক্ষ্যে শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান করছিল পুলিশ। ঐ সময় সিদ্দিক মৃধার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক ও সঙ্গে ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে এসআই ইব্রাহিম শেখ মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
