মীর্জাগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণা যুবক গ্রেফতার

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৩৬

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণার অভিযোগে সোহেল সিকদার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কাঠালতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল সিকদার উপজেলার মাধবখালী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মো. নজরুল সিকদারের ছেলে।

মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গত ৭ অক্টোবর রাতে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়ে সোহেল সিকদার উপজেলার কাঠালতলী বাজারের মুদি ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধাকে ভয়ভীতি দেখিয়ে ১ লাখ টাকা দাবি করে এবং নগদ ১০ হাজার টাকা নেয়। এ ব্যাপারে মুদি ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধা বাদী হয়ে সোহেল সিকদারের বিরুদ্ধে মীর্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঐ মামলায় গত শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং রবিবার মীর্জাগঞ্জ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়।