রংপুরে ভেজাল সাবান কারখানার মালিককে জরিমানা

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৩৭

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রবিবার নগরীর ভেজাল সাবান কারখানায় অভিযান চালিয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ঐ কারখানার মালিক মো. জাকির হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কারখানাটিকে সব ত্রুটি সংশোধন করে উত্পাদন করার আদেশ দেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক প্রেস বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ নগরীর জলকড় মসজিদ মোড় শাহ সোপ ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণে কাপড় কাচার সাবান, বল সাবান, কেমিক্যাল, স্টিকার ও তৈরি সামগ্রী, মেশিনপত্রসহ প্রায় ৫০ থেকে ৬০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়। এছাড়াও ঐ ফ্যাক্টরিতে কেমিস্ট নেই, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, নেই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা।