সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
উত্তরের নীলফামারীর সৈয়দপুরে কিশোররা মাদক, ইভটিজিং ও ছিঁচকে চুরির সঙ্গে জড়িয়ে পড়ছে। কোথাও ক্রিকেট নিয়ে জুয়াও খেলছে। ছোট-খাটো বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। স্থানীয় চিকিত্সক ডা. সিরাজুল ইসলাম বলেন, নেশা হিসেবে ড্যান্ডি আঠার অপব্যবহার শুরু হয়েছে। আর এই ড্যান্ডি আঠার নেশায় আসক্ত হচ্ছে ৮-১৬ বছরের শিশু-কিশোররা। এই কেমিক্যাল আঠার নেশা লিভারসহ শরীরের নানা অঙ্গের ও রক্তের কণিকার ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। পূর্ণবয়স্ক না হওয়ায় শতকরা ৭৫ ভাগ ক্যানসার হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই ড্যান্ডির নেশায় আসক্ত হয়ে শিশু-কিশোর এগিয়ে যাচ্ছে মরণব্যাধির দিকে।
সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বলেন, কিশোরদের লেখাপড়ায় মনোযোগী ও মাঠমুখী করার উদ্যোগ নিতে হবে। স্কুল ও কলেজ পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে ও সৃজনশীল কাজের মাধ্যমে কিশোরদের জড়িত রাখতে হবে। এ প্রসঙ্গে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, সৈয়দপুর ভালো অবস্থানে রয়েছে। কারণ কিশোর গ্যাং নেই। অভিভাবকদের অসচেতনতা ও সঙ্গদোষের কারণে কোনো কোনো এলাকায় কিশোররা ছোট ছোট অপরাধে জড়ালেও তা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিশোররা যেন ক্রিকেট জুয়া খেলতে না পারে তার জন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
