বরিশাল অফিস
বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিল চালু এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আজ সোমবার মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। বরিশাল সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ রবিবার এক সংবাদ সম্মেলনে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করে। নগরীর সদর রোডের আর্য্যলক্ষ্মী ভবনের কীর্তনখোলা মিলনায়নে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, করোনার কারণ দেখিয়ে প্রায় আট মাস ধরে সোনারগাঁও টেক্সটাইল বন্ধ রেখেছে মালিকপক্ষ। তাদের বেতন-ভাতাও বন্ধ রাখা হয়েছে। কারখানার সাত শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা আজ সোমবার সকাল ১০টায় নগরীর রূপাতলীতে কারখানার সামনে অবস্থান এবং বেলা ১১টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি গাজী মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ মো. মোশারেফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
