ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় বাংলাদেশকে অত্যাধুনিক ১০০টি ভেন্টিলেটর দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রবিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।
যুক্তরাষ্ট্রের এই ভেন্টিলেটরগুলো আমেরিকার অত্যাধুনিক ও সেরা প্রযুক্তির তৈরি। এগুলো আকারে ছোট এবং পরিচালনা করা সহজ হওয়ায় ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিত্সা করার ক্ষেত্রে বাংলাদেশি চিকিত্সা পেশাজীবীদের অনেক বেশি সুবিধা দেবে। ভেন্টিলেটরগুলো শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতরভাবে অসুস্থ রোগীদের জীবন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউএসএআইডি অনুদান হিসেবে শুধু যে ভেন্টিলেটরগুলো দিচ্ছে তা নয়, ভেন্টিলেটরগুলো স্থাপনে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পাশাপাশি এগুলোর রক্ষণাবেক্ষণে সরঞ্জামসহ সহায়তা করা ও পরিচালনার জন্য প্রশিক্ষণও প্রদান করবে।
ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী নজিরবিহীন স্বাস্থ্য হুমকি তৈরি করেছে। শুধু অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমেই আমরা মানুষের সুস্থ ভবিষ্যত্ নিশ্চিত করতে পারব। এই অনুদান কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের চলমান প্রচেষ্টার পরিপূরক এবং সংকটের মধ্যে থাকা বাংলাদেশের জনগণকে সহায়তা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চলমান প্রতিশ্রুতির বাস্তবায়নকে তুলে ধরেছে। এই অনুদান মহামারি মোকাবিলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সরকারের ইতিমধ্যে দেওয়া ৬ কোটি ৮৭ লাখ ডলারেরও বেশি সহায়তার সঙ্গে যুক্ত হলো।
