বিশেষ প্রতিনিধি
অস্ত্র মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী প্রাণনাথ তাদের জামিনের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।
গত শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রবিবার অস্ত্র ও মাদক মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর কলাবাগান এলাকায় সংসদ সদস্য হাজি সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারপিট করা হয়। এতে ওয়াসিফ আহমদ গুরুতর আহত হন। এ ঘটনায় পর দিন ২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা করেন ওয়াসিফ আহমদ খান।
