দেশে করোনা ভাইরাসে হঠাত্ বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন। শনিবারের চেয়ে গতকাল সাত জন বেশি মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ৬ হাজার ১৯৪ জন। শনাক্ত বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৩৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা শনিবারের চেয়ে ৩০৬ জন বেশি। শনিবার ১১ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১ হাজার ৫৩১ জন। এ নিয়ে মোট শনাক্ত ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জান। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। শনিবারের চেয়ে গতকাল ২৩১ জন বেশি সুস্থ হন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ৮০ দশমিক ৮০ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার দশমিক ০৫ শতাংশ বেশি। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ২৫ লাখ ৪১ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার তিন জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ৫৭৭ জনের। শনিবারের চেয়ে গতকাল ২ হাজার ৪২৬টি নমুনা বেশি সংগ্রহ করা হয়। গত ২৪ ঘণ্টায় দেশের ১১৬টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয় ১১ হাজার ৭৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ২৬৫টি বেশি নমুনা পরীক্ষা হয়।
