সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে ইউপি পরিষদ চত্বরে এই হামলার শিকার হন তিনি।
আব্দুর রহিম জয়াখালী গ্রামের শেখ আবু দাউদ মাস্টারের ছেলে। প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই মামুন জানান, সন্ধ্যার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন চেয়ারম্যান আব্দুর রহিম। এ সময় সাত-আটটি মোটরসাইকেলে ১০/১২ জন সন্ত্রাসী বোরখা পরে ঘটনাস্থলে উপস্থিত হন। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন চেয়ারম্যান। সন্ত্রাসীরা গুলির পর তাকে চাপাতি দিয়ে কুপিয়েও আহত করে। পরে এলাকাবাসী চিত্কার করে ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গুরুতর আহত চেয়ারম্যান আব্দুর রহিমকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত মেডিক্যাল অফিসার উন্নত চিকিত্সার জন্য তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
