নগরীর কাজলশাহ এলাকায় মেডিনোভা গলিতে মালনী ছড়া দখল করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। এতে দখল করা হয়ে গেছে প্রায় ৪০ ফুট প্রশস্ত মালনী ছড়া। এখানেই শেষ নয়, পালটে দেওয়া হয়েছে ছড়ার গতিপথও। গতকাল রবিবার থেকে মালনী ছড়া উদ্ধার অভিযানে নেমেছে সিসিক।
এলাকাবাসী জানান, মালনী ছড়া দিয়ে একসময় বড় নৌকা চলাচল করত। কিন্তু এই ছড়া ভরাট করে একাধিক বহুতল ভবন গড়ে উঠেছে। একই সঙ্গে ছড়ার গতিপথ পরিবর্তন করে সরিয়ে দেওয়া হয়েছে ব্যক্তি মালিকানাধীন জায়গার দিকে। ১৯৫৬ সালের নকশা অনুযায়ী ছড়া উদ্ধার করার দাবি স্থানীয়দের।
সম্প্রতি সরেজমিনে ছড়ার অবস্থা দেখতে গিয়ে হতভম্ব হয়ে যান সিসিকের কর্মকর্তারা। তারা জানান, গতকাল থেকে তাদের উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক বলেন, সিলেট মহানগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় ক্রমবর্ধমান এ নগর। এর অন্যতম কারণ ছড়া-খাল দখল ও ভরাট হয়ে যাওয়া। তাই বর্ষা মৌসুমে জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসী যেন মুক্ত থাকেন সেজন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আগেই ঘোষণা দেন ছড়া-খাল দখলমুক্ত করার।
কাউন্সিলার কালাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকির মধ্যেও জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। নানা সংকট থাকলেও জনগুরুত্ব বিবেচনায় উন্নয়নকাজ দ্রত শেষ করা হবে। ছড়াগুলোর অবৈধ দখল উচ্ছেদের পর আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। ফলে নগরী পানি নিষ্কাশন ব্যবস্থা আরো উন্নত হবে।
