অতিথিদের নিজের টাকায় ফাস্ট ফুড খাওয়ালেন ট্রাম্প

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:৩২

যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ কর্মী হয় বিনা বেতনে কাজ করছেন বা তাদের ছুটিতে পাঠানো হয়েছে। এর মধ্যে হোয়াইট হাউসের অনেক কর্মীও আছেন। কিন্তু ফুটবল দলের সাফল্যে সেই হোয়াইট হাউসেই ফাস্ট ফুড দিয়ে অতিথি আপ্যায়ন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন ও ডেইলি মেইলের

সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমের টেবিল সাজানো হয় ফাস্ট ফুড দিয়ে। এর মধ্যে ছিল ৩শ’র বেশি বার্গার, পিত্জা এবং ফ্রেঞ্চ ফ্রাই। এসব ফাস্ট ফুড ছিল বিখ্যাত খাবার বিক্রেতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস, ওয়েন্ডি এবং বার্গার কিংয়ের তৈরি। গত ৭ জানুয়ারি সান্টা ক্লারাকে হারিয়ে কলেজ ফুটবলে দেশের সেরা দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে ক্লেমসন টাইগার্স। সেই দলের খেলোয়াড়দের সম্মানেই ভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিল্ডলে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী খেলোয়াড়দের আপ্যায়ন করতে চেয়েছিলেন। কিন্তু দেশে এখন শাটডাউন চলছে। ফলে হোয়াইট হাউসে রান্নার জন্য প্রয়োজনীয় কর্মী নেই। তাই বাইরে থেকে খাবার কিনে আনা হয়েছে। আর এই খাবারের মূল্য প্রেসিডেন্ট ট্রাম্প পরিশোধ করেছেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্পও সাংবাদিকদের জানান, শাটডাউনের কারণে তিনি নিজের টাকায় ফাস্ট ফুড কিনে ফুটবল দলকে আপ্যায়ন করেছেন।

খেলোয়াড়দের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মজা করে বলেন, এখানে পিত্জা, ৩শ’ বার্গার এবং অনেক ফ্রেন্স ফ্রাই আছে। সবকিছুই আমাদের প্রিয় খাবার। আমি দেখতে চাই যে এর কতটা পড়ে থাকে। তবে মনে হয় না এগুলো পড়ে থাকবে। ট্রাম্প যে দেশের খাবার পছন্দ করেন তাও জানিয়েছেন।