লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল হত্যা মামলায় গ্রেফতার বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক মোছা. ফেরদৌসী বেগম শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী এবং আসামি আফিজ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান, বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরিফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় পাটগ্রাম থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এজাহারে থাকা আসামিদের নামের বাইরে অজ্ঞাত আসামির তালিকা থেকে মসজিদের মুয়াজ্জিন মো. আফিজ উদ্দিনকে গত বৃহস্পতিবার ভোরে বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত শনিবার তাকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে রবিবার শুনানির দিন ধার্য করেন।
