মুক্তিযুদ্ধের সময় ব্যবহূত অস্ত্র সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০০:২৮

মুক্তিযুদ্ধকালীন ব্যবহূত অস্ত্র সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র বিক্রি স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি হবে।

গত ৫ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘মুক্তিযুদ্ধের অস্ত্র বেচতে চায় সরকার’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় ব্যবহূত হয়েছে, এমন আগ্নেয়াস্ত্রগুলো সরকার বেচে দিতে চায়। সরকারের যুক্তি হচ্ছে এগুলো পুরোনো, অপ্রচলিত এবং যুদ্ধাস্ত্র হিসেবে অকার্যকর। ফলে রাখার কোনো দরকার নেই। প্রাচীন নিদর্শন বা স্মৃতিচিহ্ন (অ্যান্টিক সুভ্যেনির) হিসেবে অস্ত্রগুলো কিনে নিতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি ও সুইজারল্যান্ডের একটি অস্ত্র আমদানিকারক কোম্পানি। অস্ত্রের মোট সংখ্যা ২৭ হাজার ৬৬২। রিটে প্রতিরক্ষা সচিব, অর্থসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ও বাণিজ্য সচিবকে বিবাদী করা হয়েছে।