সাবেক তারকা ফুটবলার বাদল রায় লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার লিভারের পরীক্ষা করা হলে গতকাল রিপোর্ট পেয়ে চিকিত্সকরা লিভার ক্যানসারের কথা জানিয়েছেন। আরেক সাবেক ফুটবলার আবদুল গাফফার গতকাল জানিয়েছেন, বাদল রায়ের লিভার ক্যানসার চতুর্থ পর্যায়ে রয়েছে। তিনি বলে, ‘চিকিত্সকরা জানিয়েছেন, বাদলের ক্যানসার স্টেজ ফোর-এ রয়েছে। এটা ভালো হবে না। এমনকি ট্রান্সপ্ল্যান্ট করাও যাবে না। চিকিত্সকরা বাদল রায়কে হাসপাতাল হতে বাসায় নিয়ে যাওয়ার কথা বলেছেন।’
গাফফার বলেন, ‘আমি এবং বাদলের স্ত্রী, তার ছেলে, অস্ট্রেলিয়া থেকে আসা বাদলের মেয়ে এক সঙ্গেই ছিলাম, সেখানেই ডাক্তার এসব কথা জানিয়েছেন। বাদলকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলেছেন ডাক্তার। খুব বেশি হলে চার-পাঁচ মাস বাঁচবেন বাদল। এখন আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। আল্লাহ যদি তাকে ফিরিয়ে দেন তাহলে হয়তো বেঁচে যেতেও পারেন।’ তিনি বলেন, ‘আজকালই একটা সিদ্ধান্ত নিয়ে হাসপাতাল থেকে বাসায় আনা হবে।’ গত এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বাদল রায়কে প্রথম পুরান ঢাকার আজগর আলী হাসপাতাল এবং পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
