মাদক-সংশ্লিষ্টতা থাকলেই জেল

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০০:২৮

কোনো পুলিশ সদস্যের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কোনো প্রকার ছাড় নয়, তাকে জেলে পাঠানো হচ্ছে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘কোনো পুলিশ সদস্য মাদক খাবে না এবং এর সঙ্গে সম্পৃক্ত হবে না। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তাদের ছাড় না দিয়ে জেলে পাঠানো হয়েছে।’ গতকাল রবিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত কনস্টেবল, নায়েক ও এএসআইদের সঙ্গে এক মতবিনিময় সভায় ?এসব কথা বলেন তিনি।

পুলিশপ্রধান বলেন, পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে, মানুষের সঙ্গে কোনোমতেই খারাপ ব্যবহার করা যাবে না। কনস্টেবলদের উদ্দেশে তিনি বলেন,  তোমরা বাহিনীর কনিষ্ঠ সদস্য হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের ব্যবহারের ওপর নির্ভর করে পুরো বাহিনীর সম্মান। যত বেশি ভালো কাজ করবে, তত ভালো থাকবে। সত্ভাবে জীবনযাপনের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, সন্তানকে বড় হওয়ার প্রেরণা দাও, তাকে মানুষের মতো মানুষ বানাও। যাদের কাছে অবৈধ অর্থ আছে তাদের সন্তান ভালো মানুষ হয় না। আয়ের সঙ্গে সংগতিপূর্ণ ব্যয়ের অভ্যাস তৈরি করলে সত্ভাবে জীবন যাপন করা যায়।

আইজিপি আরো বলেন, আইনের সর্বোচ্চ প্রয়োগ করে মানুষের সম্মান আদায় করতে হবে। সর্বক্ষেত্রে শক্তি ব্যবহার না করে বুদ্ধি ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে আমরা এই চাকরিটা গর্বের সঙ্গে করতে চাই, মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে চাই আমি পুলিশ। আমাদের কাজের জন্যই মানুষ আমাদের সম্মান করবে।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আমাদের ওপরে মানুষের যে আস্থা ও বিশ্বাস আছে, তা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা কঠোরভাবে কাজ করব। কারো দুষ্কর্মের ফলে পুলিশ বাহিনীর সম্মান নষ্ট হবে এটা আমরা কখনো হতে দেব না। এর আগে কনস্টেবল, নায়েক ও এএসআইদের মধ্য থেকে বেশ কয়েকজন সদস্য আইজিপির কাছে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।