বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার অন্যতম সাক্ষী কমোডর (অব.) গোলাম রাব্বানী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু নাসের চৌধুরীকে জামিন দেয়নি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তবে তার জামিন আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী ২২ নভেম্বর ঐ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল রবিবার এই আদেশ দেন।
২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি কমোডর (অব.) গোলাম রাব্বানী হত্যা মামলায় আবু নাসের চৌধুরী ও হুমায়ুন কবির চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় হাইকোর্ট। আরেক আসামি মো. সেলিমের নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখে উচ্চ আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ঐ রায় দেন। এ রায়ের বিরুদ্ধে কারাগার থেকে আপিল করে জামিন চান আসামি নাসের। আপিল বিভাগের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও আসামির পক্ষে নজরুল ইসলাম চৌধুরী শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।
কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত থাকাবস্থায় ২০০৪ সালে ১১ এপ্রিল গুলিবিদ্ধ হয়ে মারা যান গোলাম রাব্বানী। ঐ ঘটনায় কেইপিজেডের সাবেক পরিচালক আবু নাসের চৌধুরী ও কর্মচারী হুমায়ুন কবির চৌধুরীর নাম উল্লেখ করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা হয়। ২০০৫ সালের ৭ এপ্রিল চট্টগ্রামের দ্রুত বিচার আদালত রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে আবু নাসের চৌধুরী ও হুমায়ুন কবির চৌধুরীকে পাঁচ বছরের দণ্ড দেওয়া হয়। এই দুই জনের সাজা বৃদ্ধি চেয়ে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ। ঐ আপিলের শুনানি নিয়ে ২০১৪ সালে হাইকোর্ট তাদেরকে যাবজ্জীবন সাজা দেয়।
