বিএফইউজের (একাংশ) সভাপতি হলেন এম আবদুল্লাহ

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০০:৫৮

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নির্বাচনে সভাপ?তি প?দে এম আবদুল্লাহ বিজয়ী হয়েছেন। বিএফইউজের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, তিনি ভোট পেয়েছেন ১৫৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কারাবন্দি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী পেয়েছেন ১৫০ ভোট। তবে রুহুল আমিন গাজীর প্রতিনিধির পক্ষ থেকে অনিয়মের অভিযোগ এনে নতুন করে ভোট গণনার দাবি জানানো হয়েছে। গাজী পরিষদের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়ে ভোট পুনর্গণনার দাবি জানানো হয়।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। রাত ১১টায় নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করে। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাসচিব পদে নির্বাচিত হয়েছিলেন নূরুল আমিন রোকন। সহকারী মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তিন জন। তাদের মধ্যে রয়েছেন নাসির আল মামুন, শফিউল আলম দোলন ও শহীদুল্লাহ মিয়াজী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খায়রুল বাশার।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খুরশীদ আলম, দপ্তর সম্পাদক পদে তোফায়েল হোসেন, প্রচার সম্পাদক পদে মাহমুদ হাসান নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাত জন। তাদের মধ্যে রয়েছেন এইচ এম আলাউদ্দিন, জিয়াউর রহমান মধু, আবদুস সেলিম, শামসুদ্দিন হারুন, মো. আবু বক্কর মিয়া, এ কে এম মহসিন ও মো. জাকির হোসেন।