আওয়ামী লীগের কথা ও কাজে মিল নেই, মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা একবার বলছেন সংলাপ, পরে আবার বলেছেন শুভেচ্ছা বিনিময়। এটি জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংলাপ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব প্রথমে বললেন গণভবনে সব দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হবে এবং পরে বললেন শুভেচ্ছা বিনিময়। আওয়ামী লীগের কথার সঙ্গে কাজের মিল নেই, এ বক্তব্যই তার প্রমাণ। তারা কেবল মিথ্যা আর প্রতারণার ওপর দাঁড়িয়ে আছে। সংলাপ প্রসঙ্গে রিজভী বলেন, আমরা বলেছি- আপনারা ভুয়া ভোটের যে নির্বাচন করেছেন, সেটি বাতিল করুন এবং এজেন্ডা কি সেটি ঠিক করুন। তিনি বলেন, গার্মেন্ট শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার। অবিলম্বে গার্মেন্ট শিল্পকে রক্ষা করতে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে।
রিজভী আরো বলেন, সরকার চালের বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গত কয়েকদিনেও চালের দাম ফের বেড়েছে কয়েক দফায়। সরকারদলীয় সিন্ডিকেটের লোকেরাই কারসাজি করে এই দাম বৃদ্ধি করেছে। মূলত তারা ভোট ডাকাতির নির্বাচনে সহযোগিতা করে এখন ফায়দা নিতেই চালের দাম বৃদ্ধি করেছে। তিনি বলেন, বেগম জিয়ার মামলায় জামিন নিয়ে টালবাহানা করছে সরকার। জনগণের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার মধ্য দিয়েই গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে।
