বর্তমান সরকারের নতুন মন্ত্রীদেরকে আত্মীয়-স্বজনদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে চট্টগ্রামের এই আওয়ামী লীগ নেতা এই পরামর্শ দেন।
সভায় মোছলেম উদ্দিন আহমদ আরো বলেন, মন্ত্রিসভায় যারা আছেন, তাদের আদেশ মানতে নেতাকর্মী সবাই প্রস্তুত আছেন। কিন্তু অনেকসময় দেখা যায়, মন্ত্রীদের নিকটাত্মীয়রাও নানারকম আদেশ দেন। এরকম পর্যায় থেকে আদেশ শুনতে পারাটা পীড়াদায়ক বলে মন্তব্য করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি। তিনি চট্টগ্রামের সকল উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় নেতাদের নিয়ে কাজ করার জন্য তথ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
তিনি বলেন, সিডিএ চট্টগ্রামে অনেকগুলো ফ্লাইওভার করেছে। এগুলো প্রয়োজন। কিন্তু এগুলো করার আগে সিডিএ চেয়ারম্যান চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে একবারও কথা বলেননি। তিনি কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতু শীঘ্র নির্মাণে সরকারের উদ্যোগের বাস্তবায়নের কথা তুলে ধরেন এবং তথ্যমন্ত্রীকে এব্যাপারে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমি চট্টগ্রামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সব কাজ করব। আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি দলের প্রচার সম্পাদক। দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি সরকারের মন্ত্রী।
