ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৫৪৮ জন। যা গত ৪ মাসের মধ্যে দৈনিক সংক্রমণের দিক থেকে সর্বনিম্ন।
ভারতী গণমাধ্যমের তথ্যমতে, গত জুলাই মাসের ১৫ তারিখে দৈনিক সংক্রমণ ছিল ৩০ হাজারের কম। এদিন ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ২৯ হাজার ৪২৯।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, দেশটিতে এর মধ্যেই সংক্রমণ ৮৮ লাখ ছাড়িয়ে গেছে। তবে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ৪৫ হাজার ৬১৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩০ হাজার ১০৯। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৪৩৫ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮২ লাখ ৪৯ হাজার ৫৭৯ জন।
এদিকে, ভারতে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র। সেখানেই এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ভারতে মোট মৃত্যুর এক তৃতীয়াংশ ওই রাজ্যে। সেখানে প্রাণ হারিয়েছে প্রায় ৪৬ হাজার মানুষ।
আরও পড়ুন: আফগানিস্তানে ১৫২ পাকিস্তানী জঙ্গী নিহত
মৃত্যুর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে মারা গেছে প্রায় ১১ হাজার। এর পরেই রয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ।
ইত্তেফাক/আরআই
