মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে আরব সাগরের মাঝে সুকাত্রা দ্বীপপুঞ্জ। মোট চারটি দ্বীপ মিলে গঠিত এই দ্বীপপুঞ্জ, যার মধ্যে সুকাত্রাই আয়তনে সবচেয়ে বড়। দ্বীপটির আয়তন ৬৫৬০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৪৪,০০০। ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার অদ্ভুত দর্শনের কারণে এই দ্বীপকে ভিনগ্রহবাসীদের দ্বীপ বা এলিয়েন দ্বীপ বলা হয়ে থাকে। অদ্ভুত এবং অনন্য এই দ্বীপপুঞ্জের প্রাণ বৈচিত্র্য এবং উদ্ভিদসমূহের সঙ্গে পৃথিবীর অন্য কোনো প্রাণী এবং উদ্ভিদের মিল নেই। সুকাত্রা দ্বীপে ৮২৫ প্রজাতির উদ্ভিদের মধ্যে ৩০৭টি প্রজাতিই স্থানীয় অর্থাত্ প্রায় ৩৭ শতাংশ উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এই দ্বীপের বিচিত্র দর্শন গাছপালার মধ্যে অন্যতম ড্রাগন-ব্লাড ট্রি, যেটি দেখতে ব্যাঙের ছাতার মতো। উচ্চতায় ৭-৮ ফুট, ছাতাকৃতির এই গাছ থেকে লাল রঙের আঠালো পদার্থ বেরোয়। কথিত আছে বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উত্পত্তি। সুকাত্রা দ্বীপের ৩১ প্রজাতির প্রাণীর মধ্যে ৯৪ শতাংশ অর্থাত্ ২৯টি প্রজাতিই পৃথিবীর আর কোথাও নেই। স্কিংস, পা বিহীন টিকটিকি, নানা প্রকারের মাকড়শা এবং তিন প্রকারের বিশুদ্ধ পানির কাঁকড়া পাওয়া যায় দ্বীপটিতে। ইউনেস্কো ২০০৮ সালে সুকাত্রা দ্বীপপুঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়।
