নিজেকে ছাড়ানোর অপেক্ষায় সুমন

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

ইতিমধ্যে নিজের নামটাকে একটু চিনিয়ে ফেলেছেন সুমন খান। ঘরোয়া ক্রিকেটের আলোচনা ছড়িয়েছেন বিসিবি প্রেসিডেন্টস কাপেও। এবার পরিষ্কার বলে দিলেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজের আরো উন্নতি করতে চান।

বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহ একাদশের পেসার সুমন খানের তিনটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে জায়গা করে নেন। তবে বোলিংয়ে রং ছড়িয়েছেন শিরোপা নির্ধারণী ম্যাচে। ১০ ওভারে গড়ে ৩.৮০ রান দিয়ে তুলে নিয়েছেন নাজমুল একাদশের পাঁচ ব্যাটসম্যানকে। যা তাকে এনে দিয়েছিল ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচের মুকুট।

নিজেকে ছাড়ানোর কথা বলতে গিয়ে সুমন বলেন, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপে অনেক ভালো হয়েছে। কিন্তু আমি আরো আশাবাদী টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেকে আরো উজাড় করে দেব। নিজের পারফরম্যান্সটা আরো বেশি ভালো করার চেষ্টা করব। দলের জন্য যেটা ভালো হয়। আর যেহেতু বরিশাল দুই-তিন বছর পর একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আসছে তো আমি অনেক রোমাঞ্চিত এখানে খেলার জন্য। বরিশালের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছি। তো আমি চেষ্টা করব আমার সেরাটা উজাড় করে দেওয়ার।’

বিসিবি প্রেসিডেন্টস কাপের মতো টি-টোয়েন্টির ফাইনালে খেলারও আশা শুনিয়ে রাখলেন সুমন, ‘ফাইনাল খেলার ইচ্ছা আছে, তো স্বপ্ন আছে যেন নিজের সেরাটা দিয়ে টিমকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি।’