স্পোর্টস ডেস্ক
জাতীয় দল থেকে অবসরে গিয়েছিলেন ২০১৮ বিশ্বকাপের পরই। এবার ক্লাব ফুটবলকেও বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি হ্যাভিয়ের মাসচেরানো।
গত রবিবার আর্জেন্টিনোস জুনিয়রের কাছে নিজ দল এন্তুদিয়েন্তেসের ১-০ হারের পরই এই সিদ্ধান্ত গণ যোগাযোগ মাধ্যমে জানান মাসচেরানো। ৩৬ বছর বয়সি এই মিডফিল্ডার সাংবাদিকদের বলেন, ‘নিজের পেশায় শতভাগ উপভোগ করেছি আমি। সবসময় সামর্থের শতভাগ দেওয়ার চেষ্টা ছিল আমার, কিন্তু শেষ কিছুদিনে কাজটা কঠিন হয়ে পড়ছিল। কখনো কখনো শেষটা আপনি নির্ধারণ করতে পারেন না, আপনা থেকেই হয়ে যায় এটা।’
ক্লাব ক্যারিয়ারের একটা বড় সময় বার্সেলোনায় খেলা মাসচেরানো আট মৌসুমে কাতালুনিয়ায় জিতেছেন দুটো চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি লা লিগাসহ ১৯টি শিরোপা। এর আগে-পরে লিভারপুল, ওয়েস্ট হ্যাম, করিন্থিয়ান্স ও হেইবেই চায়না ফরচুনে খেলেছেন তিনি।
আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেছেন ১৪৭ ম্যাচ, গড়েছেন দেশটির সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও। চারটি বিশ্বকাপ খেলেছেন তিনি, ২০১৪ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত খেলার অন্যতম কারিগর ছিলেন তিনি। দেশের হয়ে খেলেছেন তিনটি কোপা আমেরিকার ফাইনালও। দেশটির ২০০৪ আর ২০০৮ অলিম্পিক স্বর্ণজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন মাসচেরানো।
