স্পোর্টস রিপোর্টার
স্বাস্থ্য অধিদপ্তর যেভাবে বলেছে ঠিক সেভাবেই স্বাস্থ্যবিধি মানতে হবে। নেপাল ও বাংলাদেশ প্রথম ফিফা ম্যাচের পর দুই দলের সবাইকে করোনা টেস্টের জন্য নমুনা দিতে হয়েছিল। সবাই নেগেটিভ হলেও বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডের পজিটিভ ধরা পড়ে। দুই দফায় পরীক্ষা করার পরও পজিটিভ শনাক্ত হন জেমি। গতকাল যখন দ্বিতীয় দফায় পজিটিভ শনাক্ত হয়েছেন ধরেই নেওয়া যায় আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ডাগ আউটে থাকতে পারছেন না হেড কোচ জেমি ডে। তার বদলে সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস দায়িত্ব পালন করবেন। ডাগ আউটে জেমির জায়গায় স্টুয়ার্ট ওয়াটকিসকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে জেমি প্রসঙ্গে বলেছেন, ‘দুই দফা করোনা পজিটিভ আসায় জেমি ডে মাঠে উপস্থিত থাকতে পারবেন না। জেমিকে সম্পূর্ণ আলাদা অবস্থান করতে হবে। পর্যবেক্ষণে থাকবেন।’
আজকের ম্যাচ শেষে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল দল দোহায় যাবে। সেখানে ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। কিন্তু এখন দলের সঙ্গী হতে পারছেন জেমি। সোহাগ জানিয়েছেন জেমিকে ছাড়াই দল কাতার যাবে। পুনরায় জেমির কোভিড পরীক্ষা হবে। নেগেটিভ হলে তিনি কাতার যাবেন। ইংল্যান্ডের স্টুয়ার্ট ওয়াটকিসকে বাংলাদেশ দলে কাজ করার জন্য নিয়েছিলেন জেমি। যদিও বয়সে জেমির চেয়ে সিনিয়র স্টুয়ার্ট ওয়াটকিস। তবে নিজেদের মধ্যে বুঝাপড়া ভালো। স্টুয়ার্ট ওয়াটকিস কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে বলেন,‘গত দুই দিন আমার সঙ্গে জেমির কথা হয়েছে। আমাকে জানিয়ে দিয়েছে অনুশীলন সেশনটা কেমন হবে। মাঠের অনুশীলনে আমরা কোন বিষয়গুলোর ওপর জোর দেব। টিভির পর্দায় খেলা দেখাবে। আমরা জেমির সঙ্গে যোগাযোগ রাখব। তার পরামর্শ নিয়েই কাজ করব।’ অধিনায়ক জামাল ভুঁইয়াও মাথায় রেখেছেন কোচ ছাড়াই মাঠে লড়াই করবে তার দল।
