বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডের শেষ চারের আশা শেষ হয়ে গেছে। দিনের অন্য ম্যাচে অবশ্য প্রত্যাশিত জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস ও ইতালি। নেশনস লিগের লিগ ‘বি’-এর দ্বিতীয় গ্রুপ থেকে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে রবিবার রাতে বেলজিয়ামের বিপক্ষে জয় তো পেতেই হতো ইংল্যান্ডকে, চোখ রাখতে হতো ডেনমার্ক-আইসল্যান্ডের ম্যাচটায়ও। কিন্তু য়ুরি তিয়েলমান্স ও ড্রাইস মের্তেন্সের গোলে ইংলিশদের আশা শেষ হয়ে যায় ম্যাচের ২৪ মিনিটেই। লিগ ‘বি’-এর প্রথম গ্রুপে অবশ্য নেদারল্যান্ডস জয় তুলে নিয়েছে। জর্জিনিও ওয়াইনাল্ডাম ও মেম্ফিস ডিপের গোলের সুবাদে কোচ ফ্রাংক ডি বোয়েরের অধীনে প্রথম জয় তুলে নেয় ডাচরা। গ্রুপের অন্য ম্যাচে ইতালিও পোল্যান্ডকে হারিয়েছে ২-০ ব্যবধানে। ফলে শীর্ষস্থানের নিষ্পত্তির জন্য গ্রুপটিকে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।
