লিভারপুলের চোট-সমস্যা বাড়ছেই

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:১৯

করোনা আর চোট যেন পিছুই ছাড়ছে না লিভারপুলের। রবিবার রাতে অধিনায়ক জর্ডান হেন্ডারসন ইংল্যান্ডের হয়ে ম্যাচের বিরতির পরই চোট নিয়ে মাঠ ছেড়েছেন, তৈরি হয়েছে দীর্ঘ মেয়াদে ছিটকে যাওয়ার শঙ্কাও। রবিবার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে পায়ের চোটের কারণে দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়েছেন। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘জর্ডান বিরতির সময়ে পায়ে আড়ষ্টতা অনুভব করে মাঠ থেকে উঠে আসার ইচ্ছার কথা জানায়। এ কারণেই তাকে তুলে নেওয়া হয়েছিল।’ তবে তার সন্দেহ, সমস্যাটা হতে পারে হ্যামস্ট্রিংয়েরও। ইংল্যান্ডে ফিরলেই তার চোট পরীক্ষা করা হবে। তবে চোটের কারণে লিভারপুল এরই মধ্যে বেশ সমস্যায় আছে। ভার্জিল ফন ডাইক নেই বড় সময়ের জন্য। চোট নিয়ে মাঠের বাইরে আরেক ডিফেন্ডার জো গোমেজও। দুই জনকেই যেতে হয়েছে শল্যবিদের ছুঁড়ির নিচে।