বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:৪৪

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ সাত জন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

পঞ্চগড় : সোমবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ময়দানদিঘী হাইওয়ে পুলিশ অফিসের সামনে ট্রাক, পুলিশভ্যান ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. মনোয়ার হোসেন (৩১) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। তার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে। সে ঐ গ্রামের মোকাদ্দেস বিশ্বাসের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই পুুুুুলিশ সদস্য, এক মোটরসাইকেল আরোহী, পিকআপের চালক ও চালকের সহকারী। ময়দানদিঘী হাইওয়ে পুলিশের ওসি খন্দকার মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতিয়া (নোয়াখালী) : উপজেলার জাহাজমারা ইউনিয়নের সিডিএসপি বাজার নামক স্থানে রবিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাজু (২০) এবং নাহিদ উদ্দিন (১৯) নামে দুই জন নিহত হয়েছে। তারা জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুখচর গ্রামের বাসিন্দা। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : সোমবার দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ফুলতোলা মোড়ে ধান বোঝাই ট্রলির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বকুল (৪০) নামে এক জন নিহত হয়েছেন। সে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের হযরত আলি মাস্টারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার এস আই আব্দুল বাসির।