স্টাফ রিপোর্টার, দিনাজপুর
অনলাইনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ইউজিসির শিক্ষাঋণ পাচ্ছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১ হাজার ৬৭০ জন অসচ্ছল ছাত্রছাত্রী। যেসব শিক্ষার্থীর স্মার্টফোন নেই তাদের জন্য শিক্ষাঋণের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষাঋণের বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. ইমরান পারভেজ। তিনি বলেন, ইউজিসিকে আমরা শিক্ষাঋণ প্রদানের জন্য মোট ২ হাজার ৫২৬ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিলাম। এর মধ্যে নির্বাচিত হয়েছে ১ হাজার ৬৭০ জন শিক্ষার্থী।
এছাড়া ইউজিসির পক্ষ থেকে সফটলোন প্রদানের জন্য একটি নীতিমালা প্রদান করা হয়েছে এবং নীতিমালা অনুযায়ী ঋণ প্রদানের জন্য সোমবার একটি কমিটি গঠন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের প্রদানকৃত এই ঋণ সম্পূর্ণ সুদমুক্ত এবং স্মার্টফোন ক্রয়ের ভাউচারটি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ১০ ফ্রেব্রুয়ারি ২০২১ সালের মধ্যে সফটলোন অনুমোদন কমিটির সদস্যসচিবের কাছে জমা দিতে হবে।
