সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:৪৮

 

বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

বরিশাল অফিস নগরীর রুপাতলী সিটি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে বিপুলসংখ্যক ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত হলেন, সাজেদুল ইসলাম সাজু। এসআই দেলোয়র হোসেন জানান, ডিবি পুলিশ বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে।

রংপুরে দালাল চক্রের ছয় সদস্য আটক

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে রংপুর মেডিক্যাল কলেজ থেকে দালাল চক্রের ছয় সদস্যকে আটক করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক। তিনি প্রেস বার্তায় জানান, সোমবার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগত রোগী ও স্বজনদের সঙ্গে বাগিবতণ্ডার সময় দালাল চক্রের ছয় জন সদস্যকে আটক করে।

ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)  সংবাদদাতা ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঐ ছাত্রী বাদী হয়ে রবিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নাচোলে মিঠু চৌধুরী স্মৃতি সড়কের ফলক উন্মোচন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা নাচোলে মিঠু চৌধুরী স্মৃতি সড়কের ফলক উন্মোচন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নাচোল ডাকবাংলো চত্বরে আলোচনাসভা শেষে বাসস্ট্যান্ড মোড়ে ফলক উন্মোচন করা হয়। ফলক উন্মোচন করেন মিঠুু চৌধুরীর স্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মঞ্জুলা চৌধুরী। নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।

পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার প্রেসক্লাবে শুরু হয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কর্তৃক তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ। সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম। পিআইবির প্রশিক্ষক শাহ আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনার জন্য নেত্রকোনা জেলা পুলিশ বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা বেগম, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল এবং ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম।

বড়াল নদী দখল ও দূষণ বিষয়ে মতবিনিময়

চাটমোহর (পাবনা) সংবাদদাতা সোমবার সকালে বড়াল নদীর দখল ও দূষণবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বড়াল রক্ষা আন্দোলন কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. হামিদ মাস্টার। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম। এতে সভাপতিত্ব করেন বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ডা. অব্ধন ভট্টাচার্য।