যুবলীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব : নিক্সন চৌধুরী

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:৪৯

চর ভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দায়িত্ব পালন করতে আমার নেতা শেখ পরশের সঙ্গে থেকে সারা দেশে যুবলীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব। গতকাল সোমবার চর ভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীকে (নিক্সন) ফুল দিয়ে শুভেচ্ছা জানায় চর ভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমপি নিক্সন চৌধুরী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পালন করব।

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত্ হোসেন, চর ভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চর ভদ্রাসন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কাউসার হোসেন, ভাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য হারেজুর রহমান হারেজ, সদরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. বাবুল, চর ভদ্রাসন যুবলীগের সভাপতি মো. মোরাদ উপস্থিত ছিলেন।