আওয়ামী লীগের প্রার্থী হতে প্রথম দিনেই ৬ শতাধিক ফরম ক্রয়

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০০:৩৩

বিশেষ প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বজন ও কর্মীদের নিয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের ভিড় বাড়তে থাকে। প্রথম দিনেই উত্সবমুখর পরিবেশে ৬০৫ জন নারী আবেদনপত্র সংগ্রহ করেছেন।

ধানমন্ডি কার্যালয়ের দুই ভবনে চারটি করে মোট আটটি বিভাগের ফরম বিক্রি হচ্ছে। গতকাল দিনভর চলে এর কার্যক্রম। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা মনোনয়নপ্রত্যাশীরা লাইনে দাঁড়িয়ে ফরম কেনেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রতিদিন মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি ও জমা দেওয়া যাবে। গতকাল ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেত্রী নার্গিস রহমানকে ফরম দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গতকাল সংরক্ষিত নারী আসনের জন্য ফরম কেনেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব মহিলা লীগের নেত্রী নাজমা আক্তার, মৌলভীবাজারের হোসনে আরা, চিত্রনায়িকা কবরী সারোয়ার, ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় নির্যাতনের শিকার সিরাজগঞ্জের পুর্ণিমা শীল,  নওগাঁ জেলার সখিনা সিদ্দিক, কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমান ঢাকা জেলা পরিষদের সদস্য শিলাখা ইসলাম প্রমুখ

বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি (জাপা) ৪টি, বিএনপি-ঐক্যফ্রন্ট ১টি, স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে দুটি আসন পাবে। এ নির্বাচনের ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই।

জানা গেছে, তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চাইবে, তারা একক নাকি জোটগতভাবে নির্বাচন করবে। দলগুলোকে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত ৩০ জানুয়ারির মধ্যে জানাতে হবে। এরপর ইসি ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করবে। ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানানো হবে।

যেসব গুণ বিবেচনা: জানা গেছে, একাদশ জাতীয় সংসদকে প্রাণবন্ত করতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মনোনীত করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে এখন থেকেই বিভিন্ন মাধ্যমে খোঁজ নিচ্ছেন তিনি। সূত্র জানায়, কেন্দ্রীয় পর্যায়ে ও জেলায় পর্যায়ে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত জনপ্রিয় নারীদের অনুসন্ধান করছেন শেখ হাসিনা। পরিবারের রাজনৈতিক ঐতিহ্য, একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত, ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে ভূমিকা, বিভিন্ন সময়ে দলের জন্য ত্যাগ, বিভিন্ন সেক্টরে অবদান আছে ও অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জেলাগুলোকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করা হবে। এই সব গুণাবলির পাশাপাশি জাতীয় সংসদে কথা বলতে পারবেন এমন প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। মনোনয়ন পেতে আগ্রহীরা গণভবনে গিয়ে দেখা করার পাশাপাশি আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড চূড়ান্ত মনোনয়ন প্রদান করবেন বলে জানান নেতারা।

জানা গেছে, নবম বা দশম সংসদে থাকা সংরক্ষিত নারী আসনের অধিকাংশ সদস্যই থাকছেন না। দশম সংসদে থাকা ৫ থেকে ৭ জন একাদশ সংসদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন। বাকি আসনগুলোতে দেখা যেতে পারে একেবারেই নতুন মুখ।

আওয়ামী লীগের ফরম নিলেন ৮ তারকা

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন যারা তাদের মধ্যে আট জন রূপালি জগতের তারকা। এবার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র তারকা প্রচার চালিয়েছেন। তাদের অনেকে সরাসরি ভোটেও লড়ার আগ্রহ দেখিয়েছিলেন। মনোনয়ন না পাওয়ার পর এবার সংরক্ষিত আসনে অন্যবারের চেয়ে তারাকাদের মেলা বেশি দেখা যাচ্ছে। মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন সারাহ বেগম কবরী, সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, আনোয়ারা, ফাল্গুনী হামিদ, দিলারা ইয়াসমিন, তারিন জাহান, শাহনুর ও সুজাতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, ক্ষমতাসীন দলের দলের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা হাসিনা দৌলা, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার, সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী ও নুরজাহান বেগম মুক্তাও তুলেছেন ফরম। অন্যদের মধ্যে আছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুল আজিজের স্ত্রী রাবেয়া আজিজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আঞ্জুম পপি।

তৃতীয় লিঙ্গের ৮ জন মনোনয়ন প্রত্যাশী

এদিকে শুধু নারীরাই নয়, এবার সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) আট জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করা তৃতীয় লিঙ্গের ময়ূরী, চট্টগ্রামের ফাল্গুনি এ আটজনের মধ্যে রয়েছেন। চট্টগ্রাম থেকে আসা তৃতীয় লিঙ্গের ফাল্গুনী ও অঙ্কিতাকে মঙ্গলবার লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র তুলতে দেখা গেছে। সকালে লাইন ধরলেও বিকেল ৫টার দিকে ফরম পান ফাল্গুনী। এর আগে কয়েকবার ফরম নিতে গিয়েও তিনি ফিরে আসেন। শেষবার চেষ্টা করে ৫টার দিকে ফরম পান।