বাইডেনের নজর অর্থনীতির পুনরুদ্ধার, আরো আইনি চ্যালেঞ্জে যাবেন ট্রাম্প

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২২:৪৯

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতির পুনরুদ্ধারে নজর দিচ্ছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করেননি, বরং আরো আইনি চ্যালেঞ্জে যাবেন বলে জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের এই একগুয়েমির নিন্দা জানিয়েছেন। খবর রয়টার্সের

বাইডেনের অর্থনীতিতে, ট্রাম্পের নজর আইনি চ্যালেঞ্জে

মহামারি করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। এতে জনস্বাস্থ্য ও সংক্রামক বিশেষজ্ঞদের মধ্যেও শঙ্কা বাড়ছে। এই পরিস্থিতি নিয়ে বাইডেনকে ব্রিফিং দেওয়া হবে। এরপর বাইডেন ডেলাওয়ারে তার বাসায় বসে ব্রিফিং দেবেন এবং অর্থনীতির পুনরুদ্ধারে নিজের পরিকল্পনার কথা জানাবেন। বাইডেনের এক জন সহযোগী জানিয়েছেন, চলতি সপ্তাহে জো বাইডেনের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে করোনার টিকার অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। ২০ জানুয়ারি শপথের আগেই ডেমোক্র্যাটরা করোনা ভাইরাস এবং অর্থনীতি নিয়ে প্রস্তুতি নিতে চান।

রবিবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, বাইডেন কারচুপি করে জিতেছেন। কিন্তু এক ঘণ্টা পরই ট্রাম্প আরেক টুইটার বার্তায় বলেন, আমি কখনো পরাজয় স্বীকার করিনি এবং নির্বাচনে মহাজালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে দাবি করেন। এরপর আরেক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ২০২০ সালের এই অসাংবিধানিক ভোটের বিরুদ্ধে আরো আইনি চ্যালেঞ্জে যাবেন তিনি। যদিও অনেক রাজ্যে আইনি চ্যালেঞ্জে তার দল হেরে গেছে। উভয় দলের নির্বাচন কর্মকর্তারা দাবি করেছেন, বড় ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠকে বসছে সিনেটের বিচার বিভাগীয় কমিটি। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি এবং ট্রাম্পের ঘনিষ্ঠ লিন্ডসে গ্রাহাম। বৈঠকে নির্বাচন নিয়ে শুনানি হবে যার শিরোনাম দেওয়া হয়েছে ‘ব্রেকিং দ্য নিউজ : সেন্সরশিপ, সাপ্রেশন অ্যান্ড দ্য ২০২০ ইলেকশন’।

ট্রাম্পের নিন্দায় ওবামা :বারাক ওবামা সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, ট্রাম্পের পরাজয় স্বীকার করার সময় শেষ হয়ে আসছে। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, যখন আপনার সময় শেষ হয়ে যাচ্ছে মনে করছেন, তখন আপনার উচিত নিজের ইগোকে পাত্তা না দিয়ে দেশের স্বার্থ দেখা। তিনি কিছু রিপাবলিকানদেরও সমালোচনা করেন যারা বাইডেনের জয়কে এখনো মেনে নেননি।