বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নবগঠিত যুবলীগ সত্যিকার অর্থে দেশবাসীর প্রত্যাশা পূরণ ও বঙ্গবন্ধুকন্যার হাতকে শক্তিশালী করবে। তাই আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন পেশাজীবী থেকে সাবেক ছাত্রনেতা, আইনজীবী ও মেধাসম্পন্ন নেতাদের নবগঠিত কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন। তাই বঙ্গবন্ধুকন্যা যে বাংলাদেশ উপহার দিতে যাচ্ছেন যুবলীগ তা এগিয়ে নিয়ে যাবে। নবগঠিত যুবলীগ মেধাভিত্তিক ও মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতির প্রচলন ঘটাবে। এজন্য জেলা উপজেলার পুরোনো কমিটি তৃণমূল থেকে ঢেলে সাজানো হবে। সেখানেও আমরা মেধাভিত্তিক রাজনীতিকে জায়গা দেব। দুর্নীতি পরিহার করে যারা মেধাভিত্তিক রাজনীতির চর্চা করবে তাদেরই সংগঠনে তুলে নিয়ে আসব। এর আগে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এ সময় সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, প্রেসিডিয়াম সদস্য ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, মোহাম্মদ নাসিম পাবেল, খালেদ শওকত আলী, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ খুলনা, ফরিদপুর, বরিশাল আওয়ামী যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
