চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবার একটি বড় চালানসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ট্রাকচালক শহীদুল ইসলাম (৪৪) ও তার সহকারী আরমান আলী (২২)।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু সংযোগ সড়কে লবণবাহী ট্রাকটি থামানো হয়। পরে চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ট্রাকে লুকিয়ে রাখা ইয়াবাগুলো বের করে দেন। তাদের দুই জনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়।
