ঢাকা মহানগর দায়রা জজ আদালতের স্টোর রুমে আগুন

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২২:৫২

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার আদালত চলাকালে বিকাল সাড়ে ৪টার দিকে দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতের স্টোর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা পৌনে দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে দায়রা জজ আদালতের জামিন আবেদনের নথি ও একাধিক মামলার নিষ্পত্তি হওয়া ফাইল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাজধানীর টিকাটুলির সুইপার কলোনিতে দুপুর ২টা ৪৫ মিনিটে আগুন লাগে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কলোনির ১২টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪  লাখ ৭০ হাজার  টাকা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ঢাকা মহানগর জজ আদালতে আগুনে কাগজপত্র পুড়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. ফরিদ আহমেদ জানান, আদালত কক্ষের নিষ্পত্তিকৃত নথি রাখার ডিসপোজাল শেলফে আগুন লাগে। পৌনে ৫টার দিকে যখন আগুন লাগে, তখন আদালতে শুনানি চলছিল।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) তাপস কুমার পাল বলেন, যেসব ফাইল পুড়ে গেছে সেগুলো অপ্রয়োজনীয়। তবে আদালত কক্ষের ভেতরে যেসব ফাইল ছিল, সেগুলো তাত্ক্ষণিক সরিয়ে নেন কর্মচারীরা।

 

 

০