খুলনার আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি বাহা বাহিনীর প্রধান বাহাউদ্দিন খন্দকারসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হত্যাকাণ্ডের প্রায় সাড়ে তিন বছর পর গতকাল সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য দুই জন হলেন সোহরাব হোসেন ও মিরাজ।
সিআইডি ইন্সপেক্টর শাহাজাহান জানান, গ্রেফতার তিন জনকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। বাহাউদ্দিন নগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ২০১৭ সালের ১৪ জুন হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে কয়েক জনের সঙ্গে কথা বলছিলেন শাহাদাত হোসেন। এ সময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হন শাহাদাত হোসেন। ঘটনার দুই দিন পর ১৭ জুন শাহাদাত হোসেন মোল্লার ছেলে আল মামুন সুমন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে নগরীর হরিণটানা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাহাউদ্দিন খন্দকার নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দলিল লেখক খান মো. জাকির হোসেন হত্যাকাণ্ড এবং নগরীর বয়রা ও রায়েরমহল এলাকায় জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
