জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহিদ শেখ আবু নাসেরের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসের (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার রাত ৮টা ৫০ মিনিটে চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার রাজধানীর বনানী মসজিদে জানাজা শেষে বাদ জোহর বনানী কবরস্থানে শেখ রাজিয়া নাসেরের মরদেহ দাফন করা হবে বলে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা নিশ্চিত করেছেন।
শেখ রাজিয়া নাসেরের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, মেজো ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-১ আসনের সংসদ সদস্য ও তৃতীয় ছেলে শেখ সোহেল কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেখ রুবেল ও শেখ বাবু। তার দৌহিত্র শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি এক শোকবার্তায় রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও দেশবিরোধী চক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ নাসেরকেও নৃশংসভাবে হত্যার পর তার পরিবারকে যে চরম নিরাপত্তাহীনতা, হয়রানি ও উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাতে হয়, শেখ হাসিনা সেই স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে দেশে ফেরার পর, সব সময় মায়ের ভালোবাসা দিয়ে তিনি পাশে থেকে আমাকে সাহস ও প্রেরণা জুগিয়েছেন। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
জেপি চেয়ারম্যানের শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
এছাড়া শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
