বাগাতিপাড়ায় থানা হাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:৪৩

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের বাগাতিপাড়ায় তিনটি হত্যা মামলার আসামি মহসিন (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি থানা হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে বাগাতিপাড়া মডেল থানায় পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মহসিন উপজেলার বেগুনিয়া (চকগোয়াশ) গ্রামের মহির উদ্দিনের ছেলে।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বাগাতিপাড়া মডেল থানার এসআই প্রশান্ত কুমার জানান, মহসিনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন রুটে তিন ভ্যানচালককে হত্যার অভিযোগ রয়েছে। ওই অভিযোগে একাধিকবার তার বাড়িতে অভিযান চালানো হয়। অবশেষে গোপন সংবাদ পেয়ে তার অবস্থান নিশ্চিত হলে সোমবার রাত ১২ টার দিকে তাকে গাজীপুরের শ্রীপুর থানার মাওনা উত্তর পাড়ার আঃ রশীদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তাকে বাগাতিপাড়া মডেল থানায় এনে হাজতে রাখা হয়। এরপর দুপুর সাড়ে ১১ টার দিকে হাজতের মধ্যে ভেনটিলেটরের গ্রিলের সাথে মহসিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।