সাকিব ক্ষমাপ্রার্থী

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০০:৫৯

কলকাতায় নিজের সাম্প্রতিক সফর নিয়ে সমালোচনার মুখে গতকাল দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গতকাল সোমবার একটি ভিডিও পোস্ট করেন সাকিব। সেখানে তিনি বলেন, ‘আমি সেখানে যাওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। তবে আমি পূজা উদ্বোধন করিনি। কলকাতার এক জন মন্ত্রী পূজা উদ্বোধন করেছেন।’ এর আগে এ ঘটনায় রবিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন এক যুবক।

সাকিব বলেন, ‘যেটা হয়েছে দুই মিনিটের মতো সময় আমি পূজামণ্ডপে ছিলাম। অনেকে ধারণা করছেন, আমি পূজার উদ্বোধন করেছি। যেটি আমি করিনি। তার পরও হয়তো সেখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ভবিষ্যতে যেন এমন কিছু না হয় সেটি আমি খেয়াল রাখব।’

এছাড়া কলকাতায় যাওয়ার পথে বেনাপোলে ভক্তের ফোন ছুড়ে ফেলা নিয়েও কথা বলেন সাকিব। তার দাবি, তিনি কারো ফোন ছুড়ে ফেলেননি। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলার পরও ভক্ত গা ঘেঁষে ছবি তুলতে আসলে সাকিব দূরে যেতে ইঙ্গিত করার সময় তার হাত লেগে ভক্তের হাতে থাকা মোবাইল পড়ে যায়। এ ঘটনার জন্যও দুঃখ প্রকাশ করেন তিনি।

সিলেট অফিস জানায়, ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি দিয়েছেন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিন তালুকদার। পূজার অনুষ্ঠানে কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হন ঐ যুবক। এতে তিনি তাকে কুপিয়ে হত্যার কথা বলেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। নিজের ফেসবুক অ্যাকাউন্ট Mohsin Talukdar থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন তিনি। পুলিশ ঐ যুবককে গ্রেফতার করতে মাঠে নেমেছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এ বি এম আশরাফ উল্লাহ তাহের।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম এই তারকা। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে নেয় জেমকন খুলনা। সেদিনই ভারতের কলকাতার কাঁকুড়গাছি সম্মিলিত সর্বজনীন শ্যামাপূজার অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যান সাকিব। শুক্রবার দেশে ফিরে আসেন।